হরিণাকুণ্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মুকুল মল্লিক হত্যা মামলায় নিবহতের স্ত্রীসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঝিনাইদহ আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত ছহিরুদ্দিনের মেয়ে এবং চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা ডাওকি গ্রামের নিহত মুকুল মল্লিকের স্ত্রী ফিরোজা খাতুন, একই গ্রামের মিঠু মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও মনোয়ার হোসেনের ছেলে আলমগীর হোসেন।
একই মামলার আসামি ফারুক হোসেন ও মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। মামলার অন্যতম আসামি আলমগীর হোসেন পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩ আগস্ট রাতে পারিবারিক বিষয় নিয়ে ফিরোজা খাতুনের সঙ্গে মুকুল মাল্লিকের বিরোধ হয়। ওই রাতেই মুকুল মল্লিক বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ১৩ আগস্ট গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠের একটি ধানক্ষেতের গর্ত থেকে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রশিদ বিশ্বাস হরিণাকুন্ডু থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আজ আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট আব্দুর রশিদ এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সাদাতুর রহমান, শামিউল ইসলাম ও মো. আশরাফুল আলম জোয়ার্দ্দার।
(ঢাকাটাইমস/২৫জুন/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































