কাঁটাবনের ১৪ তলা আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

রাজধানীর কাঁটাবনে ১৪ তলাবিশিষ্ট আল বারাকা টাওয়ারের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টা ৫ মিনিটে ভবনটির ১২ ও ১৩ তলার দুটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আবদুস সালাম (১৯)।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন লাগার পর দগ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ভেতরে বর্তমানে আর কেউ আটকে নেই এবং নতুন করে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/২৭ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































