ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: অর্ধশতাধিক আহত, মহাসড়কে যান চলাচল বন্ধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য, সাংবাদিক ও রাজনৈতিক নেতাসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের কারণে ফরিদপুর-বরিশাল মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
আজ রবিবার (২৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলার হামিরদী ও মানিকদাহ ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে, যা দুপুর পর্যন্তও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), একাধিক পুলিশ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাংবাদিকসহ বহু ব্যক্তি আহত হন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুকুরিয়া বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মানিকদাহ ইউনিয়নের সুলতান মাতুব্বরের সমর্থক এবং হামিরদী ইউনিয়নের সিরু মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে, তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য জেলা সদরকে অবহিত করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
(ঢাকাটাইমস/২৮ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































