মোতালিব প্লাজায় ৪০ লাখ টাকার জাল নোটসহ চারজন গ্রেপ্তার

রাজধানীর হাতিরপুলের মোতালিব প্লাজায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন–নাফিজ আহম্মেদ, মো. রহমত উল্লাহ, ইয়াকুব আলী চৌধুরী ও মো. রুবেল।
শনিবার রাতে মোতালিব প্লাজার পঞ্চম তলার একটি দোকান থেকে জাল টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার রাতে শাহবাগ থানাধীন মোতালিব প্লাজা ৫ তলায় একটি দোকানে কিছু ব্যক্তিরা বিপুল পরিমাণ জাল টাকাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৪০ লাখ জাল টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































