কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জে প্রশান্ত কুমার দাস (৪৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। প্রশান্ত কালীগঞ্জ শহরের কলেজপাড়া এলাকার মৃত ননী গোপাল দাসের ছেলে।
আজ রোববার (২৮ জুন) দুপুরে শহরের কলেজপাড়া এলাকার বাড়ি থেকে তাকে আটক করে কালীগঞ্জ থানার পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, আজ দুপুর ১২টার দিকে শহরের কলেজ রোডে সুবোধ দেবনাথের তন্ময় স্টোর নামে একটি চায়ের দোকানে কয়েকজন বসে চা পান ও বিভিন্ন বিষয় নিয়ে আলাপে আসে ইসলাম শান্তির ধর্ম। এ সময় প্রশান্ত কুমার দাস মুখ খিস্তি করে ইসলাম ধর্ম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। এতে উপস্থিত কয়েকজন প্রতিবাদ জানালে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।
এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে বিষয়টি থানায় জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশ প্রশান্তর বাড়িতে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী এরশাদ ও আরিফ হোসেন বলেন, প্রশান্ত কুমার দাস ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করলে তারা এর প্রতিবাদ করেন। প্রশান্ত সেখান থেকে বাসায় চলে যাওয়ার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ পাওয়ার পর প্রশান্ত কুমার দাসকে থানায় আনা হয়েছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৮জুন/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































