ব্রাহ্মণবাড়িয়ায় আবার চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যুবক আহত; 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৬, ১৬:৫৯
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ায় এক সপ্তাহের ব্যবধানে আবার চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে মোহাম্মদ আজাদ (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এর আগের ঘটনায় একজন আয়কর আইনজীবী একটি চোখের দৃষ্টি হারান। এসব ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক বেড়েছে।

সর্বশেষ ঘটনাটি ঘটে রোববার (২৮ জুন) রাত পৌনে নয়টার দিকে। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের অদূরে কলেজপাড়া এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রী আকিব জাবেদ জানান, মোহাম্মদ আজাদ সিলেট থেকে পারাবত এক্সপ্রেসে ঢাকায় যাচ্ছিলেন। তিনি ট্রেনের ‘ঢ’ বগিতে বসে ছিলেন। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছাকাছি কলেজপাড়া এলাকায় পৌঁছালে বাইরে থেকে ছোড়া একটি পাথর জানালার কাচ ভেদ করে এসে তার মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। সহযাত্রীরা তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের এলাকায় অনুসন্ধান চালিয়ে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ২২ জুন দিবাগত মধ্যরাতে আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেসে একই ধরনের পাথর নিক্ষেপের ঘটনায় শ্যামল চন্দ্র দাস (৪৫) নামে এক আয়কর আইনজীবী গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা জানান, ঢাকায় কাজ শেষে শ্যামল চন্দ্র তূর্ণা এক্সপ্রেসে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আগের স্টেশন তালশহর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে তার ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘ অস্ত্রোপচারের পরও চিকিৎসকরা তার চোখের দৃষ্টি রক্ষা করতে পারেননি।

ওই ঘটনার পরও রেলওয়ে পুলিশ জানিয়েছিল, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা বারবার ঘটলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের অপরাধ থামছে না। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

(ঢাকাটাইমস/২৯জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭২
রাজধানীর তিন হাসপাতালে দালালবিরোধী অভিযান, আটক ১২
ঠাকুরগাঁওয়ে তিন হাজার ইয়াবাসহ মামা-ভাগিনা আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা