চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার হাজী আবুল বাশার সুপার মার্কেটের ৮ তলা ভবনের ৩য় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
আজ শনিবার (৪ জুলাই) দুপুরে বহুতল ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম শুরু করেন।
ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ভবনটির একটি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে ব্যবসায়ী, কর্মচারী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
ঘনবসতিপূর্ণ এলাকা এবং সরু সড়কের কারণে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে আগুন যাতে পাশের ভবনগুলোতে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/৪ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































