মিরসরাইয়ের ‘মাছ আলাউদ্দিনের’ বিরুদ্ধে হামলা-মামলা, মারধরের অভিযোগ নারীর

চট্টগ্রামের মিরসরাইয়ে ‘মাছ আলাউদ্দিনের’ বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির অভিযোগ করেছেন হাসিনা আক্তার শিল্পী নামের একজন নারী। এর থেকে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ওই ভুক্তভোগী নারী।
শনিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে মিরসরাই প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ওই নারী লিখিত বক্তব্যে জানান, তার স্বামী নিজাম উদ্দিন জাহাজে চাকরি করেন। তিনি ২০১৫ সালে ‘মাছ আলাউদ্দিনের কাছ থেকে জমি কিনে একটি বাড়ি করেন। বাড়িতে বসবাস করতে গেলে স্বামীর অনুপস্থিতিতে হাসিনা আক্তারের সাথে অনৈতিক সম্পর্ক করার চেষ্টা করেন মাছ আলাউদ্দিন। কিন্তু হাসিনা আক্তার কোনো সুযোগ না দেওয়ায় মাছ আলাউদ্দিন তাকে বিভিন্নভাবে হয়রানি শুরু করেন।
হাসিনা আক্তার বলেন, মাছ আলাউদ্দিন ঘরের টিনে ঢিল ছোড়া, তার শিশু সন্তানদের মারধর ও হামলা করেন। এসবের প্রতিবাদ করায় মাছ আলাউদ্দিন আরো ক্ষিপ্ত হয়ে বিক্রীত জমি দখলের চেস্টা করেন ও আদালতে মিথ্যা মামলা দিয়ে আইনি হয়রানি শুরু করেন।
বিষটি স্থানীয়ভাবে সমাধানের জন্য গ্রাম্য আদালত ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে বহুবার সমাধান হলেও সেই সমাধানকে উপেক্ষা করেন মাছ আলাউদ্দিন।
হাসিনা আক্তার বলেন, মাছ আলাউদ্দিন তার (হাসিনা) গৃহপালিত হাঁস-মুরগি, ছাগল চোখের সামনে পড়লেই সেগুলোকে হত্যা করে বাড়ির উঠানে রেখে যান। এ ছাড়া হাসিনা আক্তারের শিশু কিশোর সন্তানরা স্কুল-মাদ্রাসায় যাওয়ার সময় তাদের গায়ে কাদা ছিটিয়ে তাদের বিদ্যালয়ে যাওয়ার বাধা সৃষ্টিা করেন। শিশুদের মারধর করেন।
সন্তানদের রক্ষায় তিন মাসের গর্ভবতী হাসিনা আক্তার এগিয়ে গেলে তার উপরেও হামলা করে রক্তাক্ত আহত করেন মাছ আলাউদ্দিন। এরপর উল্টো থানায় গিয়ে মামলা করে বলে অভিযোগ করেন হাসিনা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, হাসিনার স্বামী চাকরি থেকে ছুটিতে বাড়িতে এলে তাকে মারধর করে বিভিন্ন রাজনৈতিক মামলায় অজ্ঞাতনামা আসামির জায়গায় তাকে পুলিশ দিয়ে হয়রানিমূলক গ্রেফতার করে।
মাছ আলাউদ্দিনের এসব হয়রানি থেকে বাঁচতে তার চাহিদামতো কয়েক দফায় কয়েক লক্ষ টাকা চাঁদা দেন দাবি করে হাসিনা আক্তার আরও বলেন, ‘কিন্তু হয়রানি থামছে না। মাছ আলাউদ্দিন এখন ৫ লাখ টাকা দাবি করছেন।’
মাছ আলাউদ্দিনের করা মিথ্যা মামলা, হামলা, নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানি থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা এবং তার বিচারের দাবি জানান হাসিনা আক্তার।
(ঢাকাটাইমস/৪জুলাই/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































