আনসারের তৎপরতায় হৃদরোগ হাসপাতালে দালাল আটক

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীকে বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা।
রবিবার হাসপাতালের বহির্বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম রিপন কাজী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বহির্বিভাগ এলাকায় সন্দেহজনকভাবে রোগীদের সঙ্গে যোগাযোগ করছিলেন রিপন কাজী। এ সময় তাকে একটি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার চেষ্টাকালে হাতেনাতে আটক করেন আনসার সদস্যরা।
অভিযানে আনসার টহল দলের প্লাটুন কমান্ডার (পিসি) মো. আমিনুল হক, সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. জহিরুল ইসলাম এবং আনসার সদস্য মো. অনিক শেখ অংশ নেন।
আনসার সদস্যদের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতাল থেকে রোগী বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠানোর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সরকারি হাসপাতালে দালালচক্রের তৎপরতা রোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছেন। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































