ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসে ৮ জন রোহিঙ্গা ও ১ বাংলাদেশি নিহত

টানা ভারী বর্ষণে কক্সবাজারে পৃথক তিনটি পাহাড় ধসের ঘটনায় নারী ও শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন রোহিঙ্গা এবং একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। সোমবার (৬ জুলাই) ভোররাত পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি/৬ ব্লকে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে রোহিঙ্গা মোহাম্মদ কামাল হোসাইনের বসতঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। ঘটনাস্থল থেকে কামাল হোসাইন, তার স্ত্রী হুমায়রা বেগম এবং ছেলে মোহাম্মদ আনাসের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ি ঢলের চাপে একরাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
পরে রাত ৩টার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১১ ব্লকে আরও একটি পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ চারজন নিহত হন। নিহতরা হলেন উম্মে হাবিবা, তানজিনা আক্তার, মোহাম্মদ রিহান ও হারুনুর রশিদ।
অন্যদিকে কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তার ঘোনা এলাকায় পাহাড় ধসে আলী আকবর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার ভোররাত ৪টার কিছু সময় পর এ দুর্ঘটনা ঘটে। পাহাড় ধসে একই পরিবারের তিনজন চাপা পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালান। পরে গুরুতর আহত অবস্থায় আলী আকবরকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বৃষ্টিপাত হচ্ছে। আগামী আরও দুই দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/৬ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































