মুষলধারে বৃষ্টি ঢাকায়, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

আষাঢ়ের শেষভাগে আবারও চেনা রূপে ফিরেছে বর্ষা। সাগরে সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। শুক্রবার (১০ জুলাই) ভোর থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, টানা বৃষ্টিতে প্রধান সড়ক ও অলিগলির কোথাও কোথাও হাঁটুসমান পানি জমেছে। ছুটির দিন হওয়া সত্ত্বেও কর্মজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বৃষ্টি উপেক্ষা করে গন্তব্যে যেতে দেখা যায়। কেউ ছাতা, কেউ রেইনকোট, আবার কেউ পলিথিন দিয়ে নিজেকে ঢেকে চলাচল করেন।
রাজধানীর বাংলামোটর এলাকায় বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীরা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন। ছুটির দিনের কারণে সকালে সড়কে গণপরিবহনের সংখ্যাও তুলনা মূলক কম ছিল।
কারওয়ান বাজার থেকে গুলশানগামী এক যাত্রী জানান, বৃষ্টির কারণে নিয়মিত ওয়াটার ট্যাক্সির পরিবর্তে সিএনজি অটোরিকশায় যাতায়াত করতে হয়েছে। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে এবং গন্তব্যে পৌঁছানোর আগেই ভিজে যান তিনি।
টানা বৃষ্টির প্রভাবে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে। চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানির পাশাপাশি কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কাও তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে সৃষ্ট নিম্নচাপটি ভারতের মধ্যপ্রদেশের দিকে সরে গেলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে।
একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































