সারিয়াকান্দি-মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে ঢাকায় মানববন্ধন

বগুড়ার সারিয়াকান্দি- মাদারগঞ্জ দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকাস্থ বৃহত্তর বগুড়াবাসী।
শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বৈরী আবহাওয়ার মধ্যে এই মানববন্ধন করা হয়। এর আয়োজন করে বগুড়া সারিয়াকান্দি উপজেলা কল্যাণ সমিতি।
মানবন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদ সরকারের ১৭ বছর দুঃশাসনের শিকার হয়েছেন বৃহত্তর বগুড়াবাসী। অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে সাধারণ মানুষের একমাত্র দাবি, সারিয়াকান্দি-মাদারগঞ্জ দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন।
তারা বলেন, রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের একমাত্র যোগাযোগ পথ হচ্ছে যমুনা সেতু। ঈদের সময় এই সেতুর দুই পাশে দীর্ঘ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এ সময় চরম ভোগান্তির শিকার হন এই অঞ্চলের মানুষ। কোনো কারণে এই সেতু বন্ধ হলে উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতে বিপাকে পড়বে সাধারণ মানুষেরা। এজন্য বিকল্প হিসেবে সারিয়াকান্দি-মাদারগঞ্জ দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন প্রয়োজন।
মানববন্ধনে নেতৃত্ব দেন সেন্টার ফর গভার্নেস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের চেয়ারম্যান কর্নেল (অব.) মো. জগলুল আহসান। ঢাকাস্থ বৃহত্তর বগুড়ার বিভিন্ন সংগঠনের (সমিতি) নেতাকর্মীরা মানববন্ধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কর্নেল (অব.) মো. জগলুল আহসান বলেন, বগুড়ার উন্নয়ন, উত্তর ও পূর্বাঞ্চলের মানুষের স্বার্থে সারিয়াকান্দি- মাদারগঞ্জ রুটে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন জরুরি। এই সেতু নির্মাণ হলে বৃহত্তর উত্তর ও পূর্বাঞ্চলের মানুষের উন্নয়ন এবং কর্মসংস্থান বাড়বে। অপরদিকে, বৃহত্তর সিলেট, ময়মনসিংহসহ ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এবং ব্যাবসা বাণিজ্য আরও উন্নত হবে।
তিনি আরও বলেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ এবং বাস্তবায়নের বিষয়ে এরইমধ্যে সংসদে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ নিয়ে জোরেশোরে চলছে এর সমীক্ষা।
এ অবস্থায় দ্রুত যোগাযোগে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ ও বাস্তবায়ন অতি জরুরি।
মানববন্ধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণত সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, ডা. মো. মামুনুর রশীদ, প্রকৌশলী রুহুল আমিন ফকির, বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী প্রযুক্তিদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি শহিদুল ইসলাম রতন, আইনজীবী রবিউল হাসান রবি, ড. আহসান হাবিব রুবেল, মো. সাইফুল ইসলাম, আ ফ ম জিন্নাতুল ইসলাম, কৃষিবিদ আহমেদ আলী প্রমুখ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































