কেরানীগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক

ঢাকার কেরানীগঞ্জে একটি বাসায় গ্যাস লাইনের কাজ করার সময় পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ শনিবার (১১ জুলাই) ভোরে উপজেলার বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)। আহত অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের সহকর্মী সজীব জানান, শুক্রবার রাতে বরইতলা এলাকার আরিফ মিয়ার বাসায় গ্যাস লাইনের কাজ করছিলেন তারা। কাজ চলাকালে হঠাৎ পাইপলাইনে বিস্ফোরণ ঘটলে তিন শ্রমিক আগুনে দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে কিশোর রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। অন্য দুই শ্রমিকের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। তাদের চিকিৎসা ও ড্রেসিং কার্যক্রম চলছে।
তিনি বলেন, দগ্ধের সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণের কাজ চলমান থাকলেও বর্তমানে তিনজনই শঙ্কামুক্ত রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, আহতদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস লাইনের কাজ করার সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টরা কাজ করছেন বলে জানা গেছে।
(ঢাকাটাইমস/১১ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































