এমপি মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি, ক্ষুব্ধ যাত্রীরা

নোয়াখালীর হাতিয়া-নলচিরা নৌপথে যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝনদী থেকে ঘুরিয়ে পুনরায় ঘাটে ফিরিয়ে আনার ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে ফেরিতে তোলার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
শনিবার (১১ জুলাই) বিকেলে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি ‘মহানন্দা’কে প্রায় ২০ মিনিট চলার পর পুনরায় ঘাটে ফিরিয়ে আনা হয়। বৈরী আবহাওয়ার মধ্যে এমন ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম জানান, ঘাট ছাড়ার কিছুক্ষণ পর সংসদ সদস্যের আসার খবর পেয়ে ফেরিটি ঘাটে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। তিনি বলেন, “এমপি সাহেব আমাদের ম্যানেজারকে ফোন করেছিলেন। পরে ম্যানেজারের নির্দেশেই ফেরি ঘাটে ফিরিয়ে আনা হয়।”
প্রত্যক্ষদর্শী ও ঘাট সূত্রে জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী বেলা সাড়ে ৩টায় ফেরিটি চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় ২০ মিনিট পর সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ চেয়ারম্যান ঘাটে পৌঁছান। এরপর ফেরিটি মাঝনদী থেকে ঘুরিয়ে পুনরায় ঘাটে আনা হয়। পরে তিনি তার নেতা-কর্মীদের নিয়ে ফেরিতে ওঠেন এবং ফেরিটি আবার হাতিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে।
সাধারণত চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটে পৌঁছাতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগে। ফলে নির্ধারিত সময়ের পর ফেরি ফিরিয়ে আনার ঘটনায় যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, সরকারি কাজে জরুরি ভিত্তিতে তার হাতিয়া যাওয়া প্রয়োজন ছিল। তিনি দাবি করেন, ফেরিটি ঘাট থেকে খুব বেশি দূরে যায়নি এবং বিষয়টি নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
ঘাট ইজারাদারের প্রতিনিধি মো. জহির উদ্দিন জানান, ফেরি ছাড়ার সময় নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও এমপিকে নেওয়ার জন্যই ফেরিটি পুনরায় ঘাটে ফিরিয়ে আনা হয়। তিনি বলেন, হাতিয়ায় ফেরি সার্ভিস চালুর পর এ ধরনের ঘটনা এই প্রথম।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে নদী পারাপারের সময় হঠাৎ ফেরি ঘুরে যাওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে জানতে পারেন একজন জনপ্রতিনিধিকে তুলতেই ফেরি ফিরিয়ে আনা হয়েছে। তাদের মতে, একজন ব্যক্তির জন্য শত শত যাত্রীর ভোগান্তি সৃষ্টি করা অনুচিত এবং এটি ক্ষমতার অপব্যবহারের শামিল।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই জনসেবামূলক পরিবহন ব্যবস্থায় এ ধরনের হস্তক্ষেপের বিষয়ে প্রশ্ন তুলেছেন।
(ঢাকাটাইমস/১২ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































