চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ১, আহত ৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
আজ রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে আহত সাতজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আহতদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে রয়েছেন- রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় জোনাকি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/১৯ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































