ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে হত্যা ও ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

মাগুরার শ্রীপুরে স্কুলছাত্রী রাজিয়া খাতুন হত্যা ও ধর্ষণ মামলায় হাসান শেখ (৩০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
সোমবার মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন জানান, ২০২২ সালের ১৭ মার্চ ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাজিয়া খাতুনকে ধর্ষণের চেষ্টা করেন আসামি হাসান শেখ। এতে ব্যর্থ হয়ে তিনি শ্বাসরোধ ও ব্লেড দিয়ে গলা কেটে রাজিয়াকে হত্যা করেন। পরে মরদেহ পাশের একটি বাঁশঝাড়ে ফেলে রেখে পালিয়ে যান।
ঘটনার পর শ্রীপুর থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে বিভিন্ন আলামত, ফরেনসিক তথ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে হাসান শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।
মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষ ১১ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।
(ঢাকাটাইমস/২০ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































