জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের আগমনে উচ্ছ্বসিত ভক্তরা, কনসার্ট ২৪ জুলাই

ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে পাকিস্তানের এই জনপ্রিয় গায়ক ঢাকায় আসেন।
আতিফ আসলামের আগমনকে ঘিরে ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। আগামী ২৪ জুলাই রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত সংগীত আয়োজন ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’।
কনসার্টটি ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠান বাতিল বা স্থগিত হওয়ার নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে আয়োজকদের পক্ষ থেকে এসব তথ্যকে ভিত্তিহীন বলে জানানো হয়েছে। তারা নিশ্চিত করেছেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৪ জুলাই রাতেই অনুষ্ঠিত হবে কনসার্টটি।
আয়োজকরা আশা করছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শকের অংশগ্রহণে এটি চলতি বছরের অন্যতম বড় সংগীত আয়োজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। বলিউডের অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে তিনি উপমহাদেশের কোটি কোটি সংগীতপ্রেমীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
‘ও লামহে’, ‘তু জানে না’, ‘তেরে বিন’, ‘জব কোনো বাত’সহ অসংখ্য জনপ্রিয় গানের জন্য পরিচিত এই শিল্পী দীর্ঘদিন ধরে ভক্তদের মাঝে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।
এবার বাংলাদেশের দর্শকরা সরাসরি মঞ্চে উপভোগ করার সুযোগ পাচ্ছেন প্রিয় এই শিল্পীর পরিবেশনা। কনসার্ট ঘিরে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
(ঢাকাটাইমস/২৩ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































