মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযান, আটক ৮

ঢাকার মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযানে আটজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে পাঁচজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিনজনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের বিভিন্ন গাড়ি-সংক্রান্ত কাজ দ্রুত করে দেওয়ার আশ্বাস দিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছিল দালাল চক্রের সদস্যরা। দায়িত্বরত আনসার সদস্যদের নজরে এলে তাঁদের সন্দেহজনক কার্যক্রমের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে গার্ড ইনচার্জ পিসি মো. খোরশেদ আলম ও এপিসি আল মিজানের নেতৃত্বে বিআরটিএ কার্যালয়ের ভেতর থেকে দালাল চক্রের আটজন সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শামীম (৩৪), আব্দুল মান্নান (৪৬), আব্দুল্লাহ আল রাজিব (৪০), কাওসার আলী (৩০) ও বাবুল হোসেন (৩৮)-কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আব্দুল্লাহ ইবনে শাকলাইন, রাকিব ও হেলালকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। কারাদণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দালালচক্রের অপতৎপরতা দমন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং স্বচ্ছ ও নির্বিঘ্ন সেবার পরিবেশ নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































