‘বিচারের কথা’ বলে ডেকে নিয়ে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, থানায় মামলা

রাজধানীর খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়ায় ব্যবসায়িক বিরোধের জেরে যুবদলের এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত খোরশেদ আলম সোহেল (৪৫) ইট-বালু ব্যবসায়ী ও ঠিকাদার। তাঁর স্ত্রী তারিন আক্তারের দাবি, পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করে সোহেলের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা করেছেন।
মামলায় রতন (৫০), খোকন (৪২), মাসুম (৩৮), কাউসার (৩৫), হাবিব (৩০) ও রাফি (২৫) নামের ছয়জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভবন নির্মাণকাজে ইট, বালু ও পাথর সরবরাহের ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে সোহেলের বিরোধ চলছিল। এর জেরে পূর্বপরিকল্পিতভাবে তাঁকে ডেকে নিয়ে হামলা চালানো হয়। পরে তাঁর পাশে একটি পিস্তল রেখে তাঁকে ফাঁসানোর চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, রোববার সকাল ১১টার দিকে এক অপরিচিত ব্যক্তি সোহেলকে পশ্চিম নন্দীপাড়া এলাকায় একটি ‘বিচারের’ কথা বলে ডেকে নেন। পরে আল-মদিনা মসজিদের পাশের পানির পাম্পসংলগ্ন সড়কে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন তাঁর ওপর হামলা চালান।
মামলার অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ক্রিকেট খেলার স্টাম্প, ইট ও লোহার রড দিয়ে সোহেলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করেন। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা ব্যবসার ২ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
সোহেলের স্ত্রী তারিন আক্তার বলেন, তাঁর স্বামী ৭৪ নম্বর ওয়ার্ড যুবদলের একজন কর্মী। হামলার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীদের একজন পিস্তল প্রদর্শন করে তাঁদের ভয়ভীতি দেখান।
এ ব্যাপারে খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বাদীর দেওয়া অভিযোগ মামলা হিসাবে নথিভূক্ত করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































