দালালমুক্ত হাসপাতাল গড়তে আনসার সদস্যদের কঠোর নির্দেশ

রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বে থাকা আনসার সদস্যদের পেশাদারত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রোগী ও স্বজনদের কাছ থেকে কোনো ধরনের বকশিস বা আর্থিক সুবিধা গ্রহণ না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার শেরেবাংলানগর আদর্শ মহিলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন ঢাকা মহানগর আনসারের পরিচালক মো. আসাদুজ্জামান গনী।
সভায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ও নিউরোসায়েন্স ইনস্টিটিউট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালসহ ছয়টি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী অঙ্গীভূত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি), সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) ও সদস্যরা অংশ নেন।
সভায় ঢাকা মহানগর আনসারের পরিচালক বলেন, সরকারি হাসপাতালে নিরবচ্ছিন্ন ও সুষ্ঠু চিকিৎসাসেবা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা বজায় রাখতে আনসার সদস্যদের নিজেদের শৃঙ্খলা অটুট রাখা জরুরি। দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করলে ভবিষ্যতে সদস্যদের সুযোগ-সুবিধা আরও বাড়বে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বহিরাগত দালাল চক্রের তৎপরতা রোধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি সেবাগ্রহীতাদের সহযোগিতা করার সময় কোনো ধরনের বকশিস বা আর্থিক সুবিধা গ্রহণ থেকে বিরত থেকে সর্বোচ্চ সততা বজায় রাখার আহ্বান জানান।
মো. আসাদুজ্জামান গনী বলেন, হাসপাতালের মতো জনাকীর্ণ ও সংবেদনশীল স্থানে চিকিৎসক, নার্স, রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় ঢাকা মহানগর আনসারের পশ্চিম জোনের অধিনায়ক এবং সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































