পরীবাগে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাগবিতণ্ডা, যা বললেন ডাকসু নেতা জুবায়ের

রাজধানীর পরীবাগ ব্রিজে রাতের বেলায় তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষের সঙ্গে ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও তার এক সঙ্গীর বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তৃতীয় লিঙ্গের কয়েকজনকে জুবায়েরের বিরুদ্ধে কিছু অশালীন ও গুরুতর অভিযোগ তুলতে শোনা যায়। তবে এসব অভিযোগের বিষয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন জুবায়ের।
ঘটনার পর দেওয়া এক ফেসবুক পোস্টে জুবায়ের দাবি করেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয়প্রতিপন্ন ও চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে।
ফেসবুক পোস্টে জুবায়ের বলেন, পুরো ঘটনা সম্পর্কে পুলিশ প্রশাসন অবগত ছিল এবং ঘটনাস্থলেও উপস্থিত ছিল। কিন্তু ওই ঘটনার একটি অংশের ভিডিও ছড়িয়ে তাকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন।
ভাইরাল ভিডিওতে তৃতীয় লিঙ্গের কয়েকজনকে জুবায়েরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলতে শোনা গেলেও, ভিডিওতে সেসব অভিযোগের পক্ষে কোনো দৃশ্যমান প্রমাণ দেখা যায়নি। ভিডিওর শুরুতে একজনকে বলতে শোনা যায়, তারা পরীবাগ এলাকায় কাজ করেন এবং জুবায়ের ও তার সঙ্গী এসে তাদের ছেলে না মেয়ে—এমন প্রশ্ন করেন।
এরপর উভয় পক্ষ থানায় যাওয়ার কথা বলতে বলতে ব্রিজ থেকে নিচে নামতে থাকেন। ভিডিওর পরবর্তী অংশে তৃতীয় লিঙ্গের কয়েকজনকে আরও উত্তেজিত হতে দেখা যায়। তবে পুরো ঘটনার প্রকৃত কারণ বা অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































