মিটফোর্ড হাসপাতালে রোগীকে বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টা, দালাল আটক

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাঁকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতালের পুলিশ বক্সে হস্তান্তর করা হয়।
রবিবার সকালে হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটক ব্যক্তির নাম মো. আব্দুল মান্নান (৩২)। আনসার সদস্যদের ভাষ্য, তিনি রোগীদের মাত্র ১০০ টাকায় চিকিৎসকের পরামর্শ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
বিষয়টি নজরে আসার পর প্লাটুন কমান্ডার মো. কামাল পারভেজ, সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) শরিফুল ইসলাম এবং আনসার সদস্য সঞ্জয় দাস তাঁকে আটক করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মিটফোর্ড হাসপাতাল পুলিশ বক্সে সোপর্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আনসার বাহিনী জানায়, সরকারি হাসপাতালগুলোতে রোগী ও তাঁদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দালালচক্র, চুরি, ছিনতাই এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে অঙ্গীভূত আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































