বরিশালে
বালুর বস্তায় বিস্ফোরক বিস্ফোরণ, দগ্ধ তিনজনের প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাড়ির পাশে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের উৎস ও এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন— শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম।
পরিবারের সদস্যদের ভাষ্য, বাড়ির পাশে রাখা বালুর বস্তার মধ্যে থাকা একটি বিস্ফোরক হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে থাকা তিনজনের শরীরে আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে তারা বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শাহ আলমের ছেলে জামাল বলেন, বিস্ফোরকটি কীভাবে বালুর বস্তার মধ্যে এল, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































