ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬, ১৮:১৩
অ- অ+

রাজধানীর ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হওয়ার দাবি করেছে ছাত্রশিবির। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই দিনে ঢাকা আলিয়াতেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজে এ সংঘর্ষের ঘটনা শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবির একটি আলোচনা সভার আয়োজন করে। সভা শুরুর আগে কক্ষ সাজানোর সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।

ঢাকা কলেজ ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন অভিযোগ করেন, ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছেন। এতে অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন এবং পাঁচজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, পুনরায় হামলার উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে লোকজন জড়ো করা হয়েছে। তবে পুলিশ ও কলেজ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন অভিযোগ করেন, ছাত্রশিবির পরিকল্পিতভাবে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। কর্মীদের নিরাপত্তার জন্য তারা ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন বলে জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেওয়া হবে না এবং প্রয়োজন হলে তা প্রতিহত করা হবে।

সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী ক্যাম্পাসের মূল ফটক ও নায়েমের গলিতে অবস্থান নেন। অপরদিকে ঢাকা কলেজের বিপরীতে মেঘনা ফিলিং স্টেশনের সামনে পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়।

এদিকে একই দিনে ঢাকা আলিয়ায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। হলের আসন (সিট) দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর মাদ্রাসা-সংলগ্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তাৎক্ষণিকভাবে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কলেজ প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ
সবুজবাগে বিএনপি কর্মী পলাশ হত্যার রহস্য উদ্ঘাটন, চার আসামির আদালতে স্বীকারোক্তি
জয়মনির ঘোলে নিরাপদ পানির সংকট নিরসনে কোস্ট গার্ডের উদ্যোগ
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা