মৌলভীবাজারের বার্ড পার্কে উটপাখি ও এমুর বিরল ডিমের দেখা মিলল, কৌতূহলী দর্শনার্থীদের ভিড়

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৬, ১৫:৩৩
অ- অ+

জীবিত পাখির মধ্যে সবচেয়ে বড় উটপাখির ডিম এবং অস্ট্রেলিয়ার উড়তে-অক্ষম পাখি এমুর বিরল সবুজাভ-নীল ডিম এখন দেখা যাচ্ছে মৌলভীবাজারের একটি বার্ড পার্কে। সম্প্রতি পার্কটির উটপাখি দুটি ও এমু একটি ডিম দেওয়ায় দর্শনার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে অবস্থিত বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে বর্তমানে উটপাখির দুটি এবং এমু পাখির একটি ডিম সংরক্ষণ করে রাখা হয়েছে। দর্শনার্থীরা ডিমগুলো কাছ থেকে দেখার পাশাপাশি হাতে নিয়ে পর্যবেক্ষণেরও সুযোগ পাচ্ছেন।

পার্ক কর্তৃপক্ষ জানায়, উটপাখির ধূসর রঙের প্রতিটি ডিমের ওজন প্রায় দেড় কেজি। অন্যদিকে এমুর সবুজাভ-নীলচে রঙের ডিমটিও আকারে বেশ বড়, যার ওজন প্রায় ৫০০ থেকে ৬০০ গ্রাম।

বর্তমানে পার্কটিতে দুটি উটপাখি ও দুটি এমুকে পৃথক খাঁচায় রাখা হয়েছে। দর্শনার্থীরা কাছে গেলে পাখিগুলো ধীরগতিতে চলাফেরা করে, যা শিশু ও বড়দের কাছে সমানভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে।

বিশ্বের সবচেয়ে বড় ও ভারী জীবিত পাখি হিসেবে পরিচিত উটপাখির উচ্চতা পূর্ণবয়স্ক অবস্থায় ৮ থেকে ১০ ফুট এবং ওজন ৬৩ থেকে ১৪৫ কেজি পর্যন্ত হতে পারে। ডানা থাকলেও ভারী শরীরের কারণে তারা উড়তে পারে না। তবে ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম। একটি উটপাখির ডিম প্রায় ২৪টি মুরগির ডিমের সমান বড় হয়ে থাকে।

অন্যদিকে, এমু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি। অস্ট্রেলিয়ার এই উড়তে-অক্ষম পাখির উচ্চতা ৫ থেকে ৬ ফুট এবং ওজন ৪০ থেকে ৬০ কেজি পর্যন্ত হয়। ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এমুর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, ডিমে তা দেওয়ার দায়িত্ব পালন করে পুরুষ পাখি।

বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এটি দেশের অন্যতম বৃহৎ পরিবেশবান্ধব পাখি উদ্যান। এখানে উটপাখি ও এমু ছাড়াও দেশি-বিদেশি নানা প্রজাতির পাখি, ময়ূর, টার্কি, ব্ল্যাক সোয়ান, চিত্রা হরিণ, রাজহাঁস, চীনাহাঁস, রঙিন মাছ, কৃত্রিম ঝরনা, বার্ড লার্নিং সেন্টার, কিডস জোন এবং ইলিউশন মিউজিয়াম রয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আহমেদ চৌধুরী জানান, ভবিষ্যতে এসব ডিম থেকে বাচ্চা ফুটবে বলে তারা আশাবাদী। ততদিন দর্শনার্থীদের জন্য ডিমগুলো সংরক্ষণ করা হবে, যাতে বিরল এ পাখিগুলোর প্রজনন সম্পর্কে মানুষ আরও জানতে পারে।

(ঢাকাটাইমস/০৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাদের ও ছাত্রলীগ নেতাদের ফাঁস হওয়া কল রেকর্ডে মিলল যে আলাপ
আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে: গভর্নর
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট
সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা