বাংলাদেশ রাষ্ট্রব্যবস্থায় নতজানু পররাষ্ট্রনীতির স্থান নেই: মাহদী আমিন

বাংলাদেশ রাষ্ট্রব্যবস্থায় নতজানু পররাষ্ট্রনীতির কোনো স্থান নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বৃহস্পতিবার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেইজের এক পোস্টে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে পররাষ্ট্রনীতির প্রতিটি সিদ্ধান্তে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
মাহদী আমিন বলেন, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সব সম্পর্কেই সমতা, ন্যায্যতা এবং জাতীয় স্বার্থকে ভিত্তি করে এগোতে হবে। বিশ্বে বাংলাদেশকে আত্মমর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করাই এ নীতির লক্ষ্য।
তিনি আরও বলেন, দিল্লিতে পলাতক দণ্ডপ্রাপ্ত এক নেত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে, তা সার্বভৌম ও মর্যাদাবান বাংলাদেশের অবস্থানকে তুলে ধরেছে।
মাহদী আমিনের ভাষ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সার্বভৌমত্বের নীতিকে ধারণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এ নীতির লক্ষ্য স্বনির্ভর, সমৃদ্ধ এবং আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































