ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ
নারীকে হেনস্তার ভিডিও করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতন

রাজধানীর বিজয় সরণি এলাকায় পথচারী নারীকে পুলিশের মারধরের ঘটনার ভিডিও ধারণ করায় গ্লোবাল টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার বুলবুল হোসেনকে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
বৃহস্পতিবার বিকালে রমনায় ডিএমপি সদর দপ্তরে কমিশনারের কাছে অভিযোগটি জমা দেন তিনি।
অভিযোগে বুলবুল হোসেন দাবি করেন, গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বিজয় সরণি সিগন্যালে অবস্থানকালে তিনি দেখতে পান, কয়েকজন পুলিশ সদস্য এক নারীকে মারধর করছেন। পেশাগত দায়িত্ববোধ থেকে তিনি ঘটনাটির ভিডিও ধারণ শুরু করলে পুলিশ সদস্যরা তার দিকে তেড়ে আসেন এবং জোর করে তাকে একটি পুলিশ ভ্যানে তুলে নেন।
লিখিত অভিযোগে তিনি বলেন, ভ্যানে তোলার পর পুলিশ সদস্যরা বারবার জানতে চান কেন তিনি ভিডিও করেছেন এবং ভিডিওটি মুছে ফেলতে চাপ দেন। তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে ভিডিও মুছে ফেলতে অস্বীকৃতি জানালে পুলিশ সদস্যরা তার ওপর নির্যাতন চালান বলে অভিযোগ করেন।
তার ভাষ্য অনুযায়ী, পুলিশ সদস্যরা তার মাথায় আঘাত করেন, ভ্যানের মেঝেতে ফেলে বেধড়ক মারধর করেন এবং একপর্যায়ে বুট পরা পা দিয়ে বুকে চাপ দিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি পুলিশ ভ্যান থেকে বের হতে সক্ষম হন।
অভিযোগে আরও বলা হয়, পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার মাথা, চোখ ও বুকে আঘাতের চিহ্ন পান এবং তিন দিনের পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন।
ডিএমপি কমিশনারের কাছে দেওয়া অভিযোগে বুলবুল হোসেন বলেন, একজন স্বাধীন গণমাধ্যমকর্মী হিসেবে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল।
ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্ত পুলিশ সদস্যদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এ ঘটনায় এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































