ঢাকায় পদায়নের চেষ্টায় ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৬, ১৬:৫৭
অ- অ+

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর ও সংসদ সচিবালয়ের অফিশিয়াল লেটারহেড জাল করার অভিযোগে বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ উপবিভাগ-১-এর পরিচালক মো. মনির হোসেন। মামলায় শাওন মজুমদারকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাওন মজুমদার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের স্বাক্ষর এবং জাতীয় সংসদ সচিবালয়ের অফিশিয়াল লেটারহেড ব্যবহার করে একটি ভুয়া আধা-সরকারি (ডিও) চিঠি তৈরি করেন। অভিযোগ অনুযায়ী, ওই চিঠির মাধ্যমে নিজের বদলির আদেশ বাতিল করে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের চেষ্টা করা হয়।

এজাহারে বলা হয়েছে, বরগুনা সদর থেকে শাওন মজুমদারকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বদলি করা হয়েছিল। পরে জাল করা ডিও চিঠিতে সেই বদলির আদেশ বাতিল করে তাঁকে কেরানীগঞ্জে পদায়নের অনুরোধ জানানো হয়।

সংসদ সচিবালয় চিঠিটি যাচাই-বাছাই করে দেখতে পায়, তাদের পক্ষ থেকে এমন কোনো চিঠি ইস্যু করা হয়নি। তদন্তে আরও দেখা যায়, চিঠিতে ব্যবহৃত ডেপুটি স্পিকারের স্বাক্ষর, ভাষা, বিন্যাস ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য সংসদ সচিবালয়ের প্রকৃত নথির সঙ্গে মিল নেই।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, প্রতারণামূলকভাবে সরকারি পদায়ন প্রক্রিয়াকে প্রভাবিত করার উদ্দেশ্যে এ জালিয়াতি করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার পেছনে কোনো সুসংগঠিত জালিয়াত চক্র জড়িত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে অভিযুক্তদের মোবাইল ফোন, কম্পিউটার ও ই-মেইলের ডিজিটাল ফরেনসিক পরীক্ষা, ভুয়া নথির মুদ্রণের উৎস শনাক্ত এবং সংশ্লিষ্টদের যোগাযোগ ও আর্থিক লেনদেনের তথ্য তদন্তের আবেদন জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দণ্ডবিধির জালিয়াতি, জাল নথি ব্যবহার, প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্র-সংক্রান্ত ধারায় মামলাটি রুজু করা হয়েছে। এজাহারের সঙ্গে ভুয়া ডিও চিঠির অনুলিপি, সংসদ সচিবালয়ের প্রকৃত লেটারহেডের নমুনাসহ প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণঅভ্যুত্থানের দাবিদার একক কেউ নয়: ভূমি প্রতিমন্ত্রী
ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়েছে নরওয়ে
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা ব্যর্থ, ৪৫০ কেজি স্ক্র্যাপ উদ্ধার
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৮০ হাজার ইয়াবা জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা