গাজীপুরে পূবাইলে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং, বাড়ছে জনদুর্ভোগ

মোঃ রাজীব হোসেন, টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৬, ১২:২১
অ- অ+

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। প্রচণ্ড গরমের মধ্যে দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ গ্রাহকরা সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন।

স্থানীয়দের অভিযোগ, কোনো কোনো এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। আবার বিদ্যুৎ আসার কিছুক্ষণ পরই পুনরায় চলে যাচ্ছে। এতে বাসাবাড়ির স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, ছোট কারখানা, দোকানপাট ও শিক্ষার্থীদের পড়াশোনায়ও নেতিবাচক প্রভাব পড়ছে।

বিশেষ করে রাতে বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্কদের নিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পরিবারগুলোকে। প্রচণ্ড গরমে ফ্যান বন্ধ থাকায় অনেকেই ঠিকমতো ঘুমাতে পারছেন না। বিদ্যুৎনির্ভর পানির পাম্প বন্ধ থাকায় কোথাও কোথাও পানির সংকটও দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন গ্রাহকরা। স্থানীয় ব্যবসায়ী ছায়েম মিয়া বলেন, “বিদ্যুৎ বিভ্রাটের কারণে দোকান ও প্রতিষ্ঠানের কাজ ব্যাহত হচ্ছে। এতে আমাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।”

বিদ্যুৎ বিভ্রাট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা। এক গ্রাহক ফেসবুকে লিখেছেন, “পূবাইলের পাশে টঙ্গী, ওই এলাকায় বিদ্যুৎ যায় না। অথচ আমাদের পূবাইলে এত পরিমাণ লোডশেডিং—বলার ভাষা নেই।”

জহিরুল ইসলাম লিটন নামে এক ব্যক্তি ব্যঙ্গাত্মকভাবে ফেসবুকে লিখেছেন, “পূবাইলের কারেন্ট অনেক ভালো, এ ব্যাপারে দুই লাইন করে লিখে যান।” তাঁর ওই পোস্টে অনেকেই মন্তব্য করে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেও যদি দিনের পর দিন এমন ভোগান্তি পোহাতে হয়, তাহলে আমরা কোথায় যাব? লোডশেডিংয়ের নির্দিষ্ট সময়সূচি থাকলে অন্তত সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া যেত।”

আরেক বাসিন্দা আইনুল ইসলাম বলেন, “রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় শিশু ও বয়স্কদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান করা দরকার।”

স্থানীয়দের দাবি, পূবাইল এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ঘন ঘন লোডশেডিংয়ের কারণ চিহ্নিত করতে হবে। একই সঙ্গে লোডশেডিংয়ের সুনির্দিষ্ট সময়সূচি মেনে বিদ্যুৎ সরবরাহ এবং জরুরি পরিস্থিতিতে গ্রাহকদের আগাম অবহিত করার ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির পূবাইল জোনাল অফিসের ডিজিএম মোশাররফ হোসেন বলেন, “আমরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছি না। এজন্য লোডশেডিং বেড়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।”

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার ইউসুফ আলী বলেন, “জাতীয় গ্রিডে সরবরাহ কম থাকায় লোডশেডিং বেড়েছে। আগামী ১৩ আগস্টের পর সরবরাহ বাড়ার সম্ভাবনা আছে। আশা করছি, তখন লোডশেডিং কমতে পারে।”

স্থানীয়দের প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং পূবাইলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন করা হবে।

(ঢাকাটাইমস/১০ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেপ্তার, মামলা ৪৮
জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নতুন সুযোগ
প্রাথমিকের শিখন-পাঠদান মনিটরিং হবে আইটি ইকোসিস্টেমের মাধ্যমে: ববি হাজ্জাজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা