হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে চারজন গ্রেপ্তার, বিদেশি অস্ত্র-ককটেল উদ্ধার

রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, পাঁচটি ককটেলসহ বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– মো. রাকিব, মো. রাশেদুল হাওলাদার, মো. জুবায়ের ইসলাম ও বিজয় সরকার ওরফে ডেফিড।
মঙ্গলবার বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। এসময় ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্প্রতি হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির পরিকল্পনার তথ্য জানতে পারে ডিবি গুলশান বিভাগ। ছয় সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই বাসা থেকে স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করছিল। পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার আগের দিন দলের সদস্যরা সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখেন।
পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে ডাকাত দলের সদস্যদের অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এরপর ডিবি গুলশান বিভাগের প্রায় ৪০ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ দল হাতিরঝিল এলাকায় অবস্থান নেয়।
পুলিশ জানায়, ডাকাত দলের সদস্যরা হাতিরঝিল সংলগ্ন সর্দার গলিতে প্রবেশ করলে ডিবির সদস্যরা তাদের ঘিরে ফেলেন। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে দলের অপর দুই সদস্য পালিয়ে যান।
ডিবি জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল ও একটি স্পাইক ড্যাগার উদ্ধার করা হয়। এ ছাড়া চলচ্চিত্রের শুটিং ইউনিটের দুটি পরিচয়পত্র বা কার্ডও পাওয়া যায়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রাকিবের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে। আর বিজয় সরকারের বিরুদ্ধে ডাকাতির ছয়টি মামলা রয়েছে। তাঁরা এর আগে একাধিকবার গ্রেপ্তারও হয়েছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ডিবিপ্রধান। একই সঙ্গে পালিয়ে যাওয়া ডাকাত দলের অপর দুই সদস্যকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































