রাজশাহীতে মাদকসহ দুই নারী গ্রেপ্তার

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল, ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৭ হাজার ১৫০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নগরের রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী ও বাদলের মেয়ে মোছা. জলি বেগম (৪৪) এবং একই এলাকার মো. জয়দুল ইসলামের স্ত্রী ও মৃত আজগর আলীর মেয়ে মোছা. মিনা বেগম (৪৫)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিশেষ মাদকবিরোধী টিম প্রথমে জলি বেগমের বসতবাড়িতে অভিযান চালায়। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ হাজার ৪৪ পিস ট্যাপেন্টাডল, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ দশমিক ৮ গ্রাম হেরোইন ও ১ কেজি ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩৭ হাজার ১৫০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার জলি বেগমের বিরুদ্ধে রাজপাড়া থানায় আগের ১৭টি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ গত ২৮ জুন একটি মাদক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, মিনা বেগমের বিরুদ্ধেও রাজপাড়া থানায় আগের দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনা বেগম দীর্ঘদিন ধরে জলি বেগমের সহযোগী হিসেবে মাদক ব্যবসা করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকা টাইমস/১১আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































