সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, ২৩:৩৩
অ- অ+

ঢাকার সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় একটি চারতলা ভবন প্রায় চার ঘণ্টা ধরে ঘিরে রেখে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় আব্দুল জলিলের মালিকানাধীন ভবনটি ঘিরে ফেলে সিটিটিসি ও স্থানীয় থানা-পুলিশ। রাত সাড়ে ১০টা পর্যন্ত সেখানে অভিযান চলছিল।

পুলিশ জানিয়েছে, ওই ভবন থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির উপকরণ ও সরঞ্জাম, কয়েকটি ককটেল সদৃশ বস্তু এবং জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)–এর বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এক ব্রিফিংয়ে বলেন, মঙ্গলবার হেমায়েতপুর এলাকা থেকে একজনকে পাঁচটি ককটেল ও বিস্ফোরকসহ আটক করে সিটিটিসি। আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুরের ওই ভবনে অভিযান চালানো হচ্ছে।

ওসি বলেন, ‘এই বাড়িটি ১ তারিখে ভাড়া নেওয়া হয়েছিল। ভাড়া নেওয়ার পর সেখানে বিস্ফোরক রাখা হয়। প্রাথমিকভাবে এটিকে জেএমবির কাজ বলে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, অভিযানে বাড়িটি থেকে জেএমবির বেশ কিছু লিফলেট, কয়েকটি ককটেল সদৃশ বস্তু এবং উল্লেখযোগ্য পরিমাণ বোমা তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ওসি সাইফুল আলম বলেন, আটক ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চলছে। আর ভবনটি ঘিরে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়।

সিটিটিসির একজন কর্মকর্তা জানান, ভবনটির ভেতরে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম জমা করে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবনটিতে তালা থাকায় ভেতরে প্রবেশের প্রস্তুতি নেওয়া হয়।

অভিযানে সিটিটিসির পাশাপাশি সাভার মডেল থানা-পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে অভিযান চলাকালে ভবনটির আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদেরও ভবনের কাছাকাছি যেতে দেওয়া হয়নি।

স্থানীয় এক মুদি দোকানি জানান, সন্ধ্যার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনটি ঘিরে রাখেন এবং সামনের সড়কে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেন।

অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সিটিটিসি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জাপুরে পানির নিচে কমিউনিটি ক্লিনিক, ব্যাহত স্বাস্থ্যসেবা
ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
হবিগঞ্জে দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
রাসিক মেয়র পদে জামায়াতের প্রার্থী হলেন ডা. জাহাঙ্গীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা