প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান

মাদক ব্যবহার প্রতিরোধে প্রচলিত পদ্ধতির পরিবর্তে বিজ্ঞান ও প্রমাণভিত্তিক কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সেমিনারে অংশ নেওয়া বক্তারা।
একই সঙ্গে তরুণদের মাদক থেকে সুরক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্পৃক্ত করে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনলাইনে এ আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবস্ট্যান্স ইউজ প্রফেশনালস (আইসাপ) বাংলাদেশ চ্যাপ্টার যৌথভাবে ‘প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধ’ শীর্ষক এ ওয়েবিনারের আয়োজন করে।
ওয়েবিনারে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক এবং আইসাপ বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ইকবাল মাসুদ বলেন, চলতি বছরের আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ তরুণদের ভিন্ন জীবন বাস্তবতার মধ্যেও সুস্থ ও সুন্দর ভবিষ্যতের অভিন্ন আকাঙ্ক্ষার কথা মনে করিয়ে দেয়। তবে মাদক তরুণদের সেই আকাঙ্ক্ষাকে বিনষ্ট করছে।
ইকবাল মাসুদ বলেন, ‘প্রথাগত উপায়ে মাদক প্রতিরোধের চেয়ে বিজ্ঞান ও প্রমাণভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা অনেক বেশি কার্যকর।’ তরুণদের মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্পৃক্ত করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
সেমিনারে আইসাপের ন্যাশনাল চ্যাপ্টারস কো-অর্ডিনেটর ওলহা মিশাকিভস্কা, সায়েন্টিফিক সাপোর্ট কো-অর্ডিনেটর রাশা আবি হানা, ওয়ার্ল্ড ফেডারেশন অ্যাগেইনস্ট ড্রাগসের মহাসচিব ক্রেসিডা ডি উইট এবং আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের সদস্য এ এফ এম সাদমান সাকিব বক্তব্য দেন।
আইসাপ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক ডা. এম এ মোহিত কামাল বলেন, ‘তরুণদের জন্য মাদকপ্রতিরোধে কাজ করার পাশাপাশি তাদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে, কারণ আজকের তরুণরাই ভবিষ্যতের রাষ্ট্র পরিচালক।’
আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহার সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়েবিনারে দেশ-বিদেশের বিভিন্ন ইয়ুথ ফোরামের যুব প্রতিনিধিরা অংশ নেন।
সেমিনার থেকে তরুণদের জন্য সুস্থ, মাদকমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার, নাগরিক সমাজ এবং উন্নয়ন সংস্থাগুলোকে সম্মিলিতভাবে প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধ নীতিমালা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































