বেনাপোলে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মাদ্রাসাশিক্ষক নিহত

বেনাপোলে লোহার গ্রিলবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের অপর আরোহী ফজলু রহমান ও ভ্যানচালক আলী কদর নামে দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে ভবেরবেড় এলাকায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম হোসেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলার ইছাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ইব্রাহিম হোসেন ও ফজলু রহমান মোটরসাইকেলে গোগা থেকে কাগজপুকুর বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বেনাপোল বাইপাস সড়কের ভবেরবেড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লোহার গ্রিলবোঝাই একটি ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে চালকসহ তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই মোটরসাইকেল চালক ইব্রাহিম হোসেন মৃত্যু হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন জানান, বেনাপোলে বাইপাসে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকা টাইমস/১৩আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































