‘বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম কাণ্ডারী ছিলেন’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ‘বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম কাণ্ডারী ছিলেন। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদানের কথা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’ খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে পৌরশহরের নতুন বাইপাস এলাকার মৃধা কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন পৌর বিএনপি সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, খন্দকার সালাউদ্দিন আরিফ, উপজেলা বিএনপি সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডি.এম শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম খলিল জিহাদী।
(ঢাকা টাইমস/১৫আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































