আগারগাঁওয়ে ‘মিজানের ভাতের হোটেল’ গুঁড়িয়ে দিল ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
ফুটপাত ও সড়ক দখল করে নিয়মবহির্ভূতভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে রবিবার দুপুরে হোটেলটি ভেঙে দেওয়া হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আগারগাঁও এলাকার মূল সড়ক ও ফুটপাতের ওপর অস্থায়ী কাঠামো তৈরি করে ভাতের হোটেল পরিচালনা করছিলেন মিজানুর রহমান। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি ওই এলাকায় যানজট সৃষ্টি হতো বলে অভিযোগ রয়েছে।
আজ দুপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানের সময় ম্যাজিস্ট্রেটের নির্দেশে হোটেলটির অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযানে কাফরুল থানা পুলিশ সহযোগিতা করে।
এর আগে গত ১০ আগস্ট আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, ওই সময় ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































