বগুড়ায় জামায়াত সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

জুলাই সনদ বাস্তবায়নসহ বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের অবস্থানের প্রতিবাদে বগুড়ায় জামায়াত সমর্থিত সাত আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।
সোমবার (১৭ আগস্ট) সকালে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী আইন কর্মকর্তারা সবাই জামায়াতে ইসলামী-সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সদস্য। ২০২৪ সালের গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তারা বগুড়া জজ কোর্টে রাষ্ট্রীয় আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
পদত্যাগকারীরা হলেন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাফিকুর রহমান শাফি, অতিরিক্ত জিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, এপিপি অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, অ্যাডভোকেট ইন্দ্রজিৎ ও অ্যাডভোকেট আতাউর রহমান সবুজ।
পদত্যাগপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দ, সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন মল্লিক, অ্যাডভোকেট আতাউর রহমান সবুজ, অ্যাডভোকেট সাইফুদ্দীন সাইফুল, অ্যাডভোকেট দলিলুর রহমান, অ্যাডভোকেট আল-আমিন প্রমুখ।
পদত্যাগের বিষয়ে অ্যাডভোকেট শাফিকুর রহমান শাফি বলেন, জনগণের প্রত্যাশা ও ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতা তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। একই সঙ্গে বিচার বিভাগের জন্য একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের বিরোধিতা এবং বিচার বিভাগের স্বাধীনতাসংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থান নিয়েও তিনি উদ্বিগ্ন।
তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিলের ফলে বিচারপতি নিয়োগে সরকার ও সরকারি দলের প্রভাব জুলাই-পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে বিচার বিভাগের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
শাফিকুর রহমান আরও বলেন, এসব ঘটনা সাংবিধানিক শাসনব্যবস্থা, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে বিবেকের তাড়নায় তিনি এ পদে থেকে দায়িত্ব পালন করতে পারছেন না। তাই তিনি পদত্যাগ করেছেন।
বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, সোমবার দুপুরে সাত আইন কর্মকর্তা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিধি অনুযায়ী পদত্যাগপত্রগুলো ঢাকায় পাঠানো হবে।
(ঢাকা টাইমস/১৭আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































