বগুড়ায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় পিকআপের ধাক্কায় মফছের আলী ফকির(৬০) নামে এক ব্যাটারিচালিত অটোভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাকরাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মফছের আলী উপজেলার চামরুল ইউনিয়নের চামরুল গ্রামের মৃত আছামুদ্দিন ফকিরের ছেলে।
আহতরা হলেন— ভ্যানের যাত্রী মাবিয়া বেগম (৭০) ও তার মেয়ে রেহেনা বেগম (৪৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার আগে মফছের আলী যাত্রী নিয়ে বেড়াগ্রাম থেকে দুপচাঁচিয়ার দিকে আসছিল। ঘটনাস্থলে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি মুরগীবাহী পিকআপ অটোভ্যানটিকে স্বজোরে ধাক্কা দেয়। এসময় অটোভ্যানের চালক ও যাত্রীরা ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ভ্যানচালক মফছের আলীকে মৃত ঘোষণা করেন। আহত মা ও মেয়ের অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেকে) প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন একজনকে আটক করে আমাদের দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকা টাইমস/১৭আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































