শ্রীপুরে স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে জামাইয়ের লাঠির আঘাতে হাফিজ উদ্দিন (৫৫) নামে এক শ্বশুরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৯ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার দারোগারচালা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া চলছিল। একপর্যায়ে বিষয়টি মীমাংসা করতে শ্বশুর হাফিজ উদ্দিন ঘটনাস্থলে আসেন। এ সময় জামাই ফেরদৌস (২৫) সঙ্গে তার কথা-কাটাকাটি হয় বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে ফেরদৌস লাঠি দিয়ে হাফিজ উদ্দিনকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে পরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে সংযোজন করা হবে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম জানান, বুধবার রাতে হাফিজ উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ।
হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/১৯আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































