সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ফের অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৬, ১৬:১৫
অ- অ+

হবিগঞ্জের সাতছড়ির জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে ফের অস্ত্র উদ্ধার করেছে বিজিবি-৫৫।

বৃহস্পতিবার দুপুর ১২টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-৫৫) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪ টার দিকে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত পিলার ১৯৭৮ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পিস্তল ৬টি, ম্যাগাজিন ৭টি এবং বিভিন্ন প্রকারের গুলি ২২ রাউন্ড উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক প্রাপ্ত তথ্য অনুযায়ী ডাকাতি বা অন্যান্য সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা উক্ত অস্ত্র ও গোলাবারুদ দুর্গম পাহাড়ি এলাকায় মাটির নিচে লুকিয়ে রেখেছিল। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, গত তিন মাসে ৫৫ বিজিবির অভিযানে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকা হতে প্রায় ৪১ লক্ষ টাকা মূল্যের ২৩৮ কেজি ভারতীয় গাঁজা, ২৫৮৫ পিস ইয়াবা, ৫৯ বোতল মদ এবং ২১টি গরু আটক করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালিয়ে সেখান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, একটি বেটা গান, ছয়টি এসএলআর, একটি অটো রাইফেল, পাঁচটি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

একই বছরের ১৬ অক্টোবর চতুর্থ দফার উদ্যানের ভেতরে মাটি খুঁড়ে তিনটি মেশিনগান, চারটি ব্যারেল, আটটি ম্যাগাজিন, ২৫০ গুলির ধারণক্ষমতা সম্পন্ন আটটি বেল্ট ও উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি রেডিও উদ্ধার করা হয়। পরে ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজির ৮ হাজার ৩৬০ রাউন্ড, ত্রি নট ত্রি রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট নয় হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

এরপর ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি সাতছড়িতে অভিযান পরিচালনা করে ১০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার হয়।

২০১৯ সালের ২৪ নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩টি রকেট লঞ্চারের শেলসহ বেশকিছু বিস্ফোরক উদ্ধার করা হয়।

২০২১ সালের ২ মার্চ বিজিবি বিশেষ অভিযান চালিয়ে উদ্যান থেকে ১৮টি ট্যাংক বিধ্বংসী রকেট লঞ্চার উদ্ধার করে।

একই বছরের আগস্ট ১৩ সাতছড়ি জাতীয় উদ্যান থেকে অস্ত্র উদ্ধার করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সাতছড়ি উদ্যানের মূল ফটক থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মাটির নিচ থেকে ৯টি একনলা বন্দুক, তিনটি পিস্তল ও ১৯ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

সর্বশেষ ওই বছরের ২৭ ডিসেম্বর ১৫টি রকেট প্রপেলড গ্রেনেড (আরপিজি),২৫টি বুস্টার, ৫১০টি লংরেঞ্জ অটোমেটিক মেশিনগানের গুলি উদ্ধার করেছে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)।

(ঢাকা টাইমস/২০আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাইব্যুনালে অঝরে কাঁদলেন রেদোয়ানুল, বললেন- ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’
সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: উপাচার্য আমানুল্লাহ
স্কুলে বেঞ্চ-টয়লেট নেই, ‘মন্ত্রীর কুকুরও ভালো সুবিধা পায়’
ধানমন্ডি ৩২ ভাঙচুর: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা