আজ রাজধানীর যেসব সড়কে যানচলাচল নিয়ন্ত্রণ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আজ শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবন ও আশপাশের এলাকায় নির্ধারিত কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও বিকল্প পথে ডাইভারশন দেওয়া হবে।
বিশেষ এই ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে আজ বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এই নির্দেশনা জারি থাকবে।
ডিএমপি জানায়, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুেষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মতিঝিলের শাপলা চত্বর ও আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন রোড এবং রাজউক ক্রসিং থেকে ডিআইটি রোড পর্যন্ত সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে।
শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক ও গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা, ইউবিএল ও প্রেসক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজনে বাসগুলো অন্য সুবিধাজনক বিকল্প সড়কও ব্যবহার করতে পারবে।
এ ছাড়া দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।
হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনকে জিরো পয়েন্টে ইউটার্ন না করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব যানবাহন বামে ফুলবাড়িয়া অথবা ডান দিকে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা ও শাপলা চত্বরের দিকে চলাচল করতে পারবে। বিকল্প হিসেবে জিরো পয়েন্ট থেকে ইউবিএল ক্রসিং, নাইটিঙ্গেল ক্রসিং, ফকিরাপুল ক্রসিং, শাপলা চত্বর ও ইত্তেফাক হয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে অংশ নিতে আসা আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে না।
ডিএমপির পক্ষ থেকে সর্বসাধারণকে নির্ধারিত সড়কগুলো এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করে ট্রাফিক ব্যবস্থাপনায় নগরবাসীর সহযোগিতা কামনা করেছে পুলিশ।
(ঢাকাটাইমস/২১আগস্ট/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































