উত্তরায় আলোচিত সোয়া কোটি টাকা ছিনতাই: ডিবি রিমান্ডে সাগরের তথ্যে মিলল ব্যবহৃত মোটরসাইকেল

রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাইয়ের মালিকানাধীন ডিএল পেট্রোল পাম্পের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার একটি বাসার গ্যারেজ থেকে পালসার মোটরসাইকেলটি উদ্ধার করে ডিবি উত্তরা বিভাগের একটি দল।
ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার সাগর বাড়ৈকে (৪০) রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
শুক্রবার দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিবির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির।
ডিসি ইলিয়াস কবির বলেন, উত্তরার চাঞ্চল্যকর এই ছিনতাইয়ের ঘটনায় ডিবি শুরু থেকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এরইমধ্যে এ ঘটনায় জড়িত ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সাগর বাড়ৈসহ পাঁচজনকে চারটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিবি। তাদের কাছ থেকে কিছু টাকা ও বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি র্যাবও এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মোট আসামিদের মধ্যে সাগর বাড়ৈ ও জলিল নামের দুই আসামি বর্তমানে ডিবির রিমান্ডে রয়েছে।
তিনি বলেন, রিমান্ডে থাকা সাগর বাড়ৈর দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকার হাফিজ উদ্দিন মাস্টার রোডের একটি ভবনের গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে ছিনতাইয়ে ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
ডিবির এই কর্মকর্তা বলেন, যে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে, সেখানে নিজেকে ইতালিপ্রবাসী পরিচয় দিয়ে ভাড়া থাকতেন সাগর বাড়ৈ। উত্তরায় ছিনতাইয়ের পর মোটরসাইকেলটি ওই বাসার গ্যারেজে রেখে তিনি পালিয়ে যান।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সাগর প্রথমে মোটরসাইকেলটি গোপালগঞ্জে রাখা হয়েছে বলে জানিয়েছিলেন। তার তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েও মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়নি। পরে অধিকতর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
ডিসি ইলিয়াস কবির আরও বলেন, সাগর বাড়ৈ গ্রেপ্তার হওয়ার খবর পাওয়ার পর খিলগাঁওয়ের ওই বাসা থেকে তার পরিবারের সদস্যরা মালামাল নিয়ে অন্যত্র চলে গেছেন।
তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারে ডিবির অভিযান চলছে। তদন্তে নতুন করে আরও আসামি গ্রেপ্তার হতে পারেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































