কুষ্টিয়ায় পোষা বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, কারণ জানালেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬, ১০:১৭
অ- অ+

কুষ্টিয়ার ভেড়ামারায় পোষা বিড়ালের আঁচড়ের পর পাঁচ বছর বয়সী এক শিশুর অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শিশুটিকে বিড়ালের মতো ‘মিউ মিউ’ শব্দ করতে দেখা যায়। ঘটনাটি নিয়ে নানা আলোচনা তৈরি হলেও চিকিৎসক জানিয়েছেন, শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো উপসর্গ পাওয়া যায়নি।

জানা গেছে, শিশুটির নাম মুস্তারীন আদ্রিতা। সে ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার ব্যাংকার সাব্বিরের মেয়ে। বিড়ালের আঁচড়ের পর গত ১৭ আগস্ট তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শিশুটিকে অস্বাভাবিক আচরণ করতে এবং বিড়ালের মতো শব্দ করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও নানা ধরনের আলোচনা শুরু হয়।

স্থানীয় সূত্র জানায়, শিশুটির পরিবার শখ করে একটি বিড়াল পুষত। প্রায় ছয় মাস আগে ওই বিড়ালটি শিশুটিকে আঁচড় দেয়। এরপর শিশুটিকে জলাতঙ্কের টিকাও দেওয়া হয়। তবে বিড়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা হেলাল মজুমদার জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তারা ঘটনাটি জানতে পারেন। শিশুটির পরিবারের সদস্যরা বর্তমানে বাড়িতে নেই। আদ্রিতা ঢাকায় চিকিৎসাধীন বলে তারা জানতে পেরেছেন। তবে রাজধানীর কোন হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

ডা. ইকবাল হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। তবে তার মধ্যে জলাতঙ্কের কোনো উপসর্গ পাওয়া যায়নি।

শিশুটির ‘মিউ মিউ’ শব্দ করা বা অস্বাভাবিক আচরণের বিষয়ে তিনি বলেন, এসব আচরণ জলাতঙ্কের কারণে হয়েছে- এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভয়, আতঙ্ক বা অতিরিক্ত মানসিক চাপ থেকেও শিশুর মধ্যে এ ধরনের আচরণ দেখা দিতে পারে।

চিকিৎসকের বক্তব্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে শিশুটির জলাতঙ্ক হয়েছে বলে নিশ্চিত হওয়ার সুযোগ নেই। তার প্রকৃত শারীরিক ও মানসিক অবস্থা চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরীক্ষার ভিত্তিতেই নির্ধারণ করা হবে।

(ঢাকাটাইমস/২৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিল্লিতে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ১২ সাংবাদিক আটক
‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে উত্তাল দিল্লি, ফের বন্ধ মেট্রো স্টেশন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪, মামলা ৪২
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম