সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

ফরিদপুরের সালথায় মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আবুল হোসেন (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খরদিয়া দক্ষিণপাড়া এলাকার মাদক কারবারি মো. সুজ্জাতের বাড়িতে এ অভিযান চালায় পুলিশ।
গ্রেপ্তার আবুল হোসেন বড় খরদিয়া দক্ষিণপাড়া এলাকার পাচ্চু শেখের ছেলে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড় খরদিয়া দক্ষিণপাড়া এলাকার মাদক কারবারি মো. সুজ্জাতের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজ্জাত দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়েন। পরে ওই বাড়িতে থাকা আবুল হোসেনকে আটক করা হয়। অভিযানকালে বাড়ি থেকে ১৩ লিটার দেশীয় বাংলা মদ ও ৭ লিটার কেরু মদ উদ্ধার করা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, সুজ্জাত তাঁর সঙ্গীদের নিয়ে মদ ক্রয়-বিক্রয় করছেন। পরে আমরা সেখানে গেলে সুজ্জাত পালিয়ে যান। আবুল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করি। ঘটনাস্থল থেকে আমরা ২০ লিটার মদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আবুল হোসেননের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। এরপর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।(ঢাকা টাইমস/২৪আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












