শ্রীপুরে দীর্ঘদিনের বকেয়া বেতন না পেয়ে মহাসড়কে শ্রমিকরা

গাজীপুরের শ্রীপুরে দীর্ঘদিনের বেতন বকেয়া থাকায় ক্ষুব্ধ হয়ে মহাসড়কে নেমে বিক্ষোভ করেছেন ওয়াশিন স্পিনিং মিলস লিমিটেডের কয়েক শ শ্রমিক।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় জৈনা বাজার ইউটার্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তাঁরা বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।
শ্রমিকদের সড়কে অবস্থানের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে মাওনা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে কারখানার সামনে নেওয়া হলে প্রায় ৪০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, কারখানার বিভিন্ন বিভাগে কর্মরতদের দুই থেকে তিন মাসের বেতন বকেয়া রয়েছে। চলতি মাসের ২৪ তারিখ চলে গেলেও বেতন না পাওয়ায় অনেকেই সংসারের খরচ চালাতে পারছেন না। বাড়িভাড়া, বাজার-সদাই ও সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে গিয়ে তাঁরা চরম বিপাকে পড়েছেন। কয়েকজন শ্রমিক বাড়িভাড়া দিতে না পারায় ঘরে তালা দেওয়ার অভিযোগও করেন।
সালমা আক্তার নামে এক শ্রমিক বলেন, দিনের পর দিন কাজ করেও সময়মতো বেতন না পাওয়ায় পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। বাধ্য হয়েই তাঁরা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন।
স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠানটিতে বেতন পরিশোধে বিলম্বের অভিযোগ নতুন নয়। এর আগেও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভের ঘটনা ঘটেছে বলে জানান তাঁরা।মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তবে শ্রমিকদের বেতন বকেয়া থাকার অভিযোগের বিষয়ে ওয়াশিন স্পিনিং মিলস লিমিটেড কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
(ঢাকা টাইমস/২৪আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































