বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত

বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আশিকুর রহমান (২২) ও মুজাহিদুল ইসলাম সামিউল (৩০) নামে দুজন নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় লিচুতলা-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুর রহমান সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি ছাত্র ছিলেন। অপর নিহত মুজাহিদুল ইসলাম সামিউল গাবতলী উপজেলার স্বরধনকুটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি ব্যবসা করতেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় সড়কের মাঝখানে দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে বা কোনো যানবাহনের ধাক্কায় তারা নিহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
(ঢাকা টাইমস/২৫আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































