কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, পাওয়া গেল চিরকুট

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার বার আউলিয়া ও সীতাকুণ্ড পৌরসভার ইয়াকুব নগর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও পুলিশের দাবি, তারা আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন জেলেপাড়া থেকে সঞ্জিতা জলদাশ (১৬) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই বাড়ির সন্তোষ জলদাসের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে জেলেপাড়ার সর্দার ধনবাসী জলদাশ বলেন, ‘সঞ্জিতা দাশ কুমিরা লতিফ সিদ্দিকী ডিগ্রি কলেজে পড়ত। মায়ের ওপর রাগ করে গলায় ফাঁস দেয়। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
অন্য দিকে একইদিন সীতাকুণ্ড পৌরসভার ইয়াকুব নগর বটতল এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রোজেন হোসেন সিয়াম (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সিয়াম ওই এলাকায় মা-বাবার সঙ্গে ভাড়া বসবাস করত। তার বাড়ি বরিশাল জেলায়। তার বাবার নাম মোহাম্মদ আলমগীর ফরাজি।
মরদেহ উদ্ধারের সময় পুলিশ তার কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করে। তাতে লিখা ছিল, ‘তোমরা আমারে মাফ করে দিও। এছাড়া আমার উপায় নাই।’
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুর ইসলাম বলেন, বার আউলিয়া থেকে এক কিশোরী ও পৌরসভার ইয়াকুব নগর এলাকা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
(ঢাকা টাইমস/২৬আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































