পুলিশ সুপারের বাসভবনের ব্যারাক থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

গাইবান্ধায় পুলিশ সুপারের সরকারি বাসভবনের ব্যারাক থেকে হাবিবুর রহমান (৩৩) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গাইবান্ধা পুলিশ লাইনে নায়েক পদে কর্মরত ছিলেন।
বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের সরকারি বাসভবনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিকেল ৪টার দিকে পুলিশ সুপার মো. জসীম উদ্দিনের বাসভবনের গার্ড রুমসংলগ্ন টয়লেটের ভেতরে ছাদের একটি বাঁকানো লোহার সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় হাবিবুর রহমানকে পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, টয়লেটে প্রবেশের পর দীর্ঘ সময় হাবিবুর বাইরে না আসায় গার্ড রুমে থাকা অন্য পুলিশ সদস্যরা তাকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তারা দরজায় ধাক্কা দেন। পরে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মো. জসীম উদ্দিন জানান, প্রায় ১০ থেকে ১২ দিন আগে পুলিশ লাইন থেকে দায়িত্ব পালনের জন্য হাবিবুরকে তাঁর বাসভবনে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, হাবিবুর রহমান নীলফামারী সদর উপজেলার সরদারপাড়ার মন্টু মিয়ার ছেলে। তাঁর ৫ থেকে ৭ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।
(ঢাকাটাইমস/২৭ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































