জন্মাষ্টমীতে নিরাপত্তায় ডিএমপির বিশেষ প্রস্তুতি

আসন্ন শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে পিকেট ও টহল দল, সিসিটিভি ক্যামেরা, ফুট পেট্রোল, হোন্ডা মোবাইল, গোয়েন্দা দল, সোয়াট ও বোম্ব ডিসপোজাল টিমসহ পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে জন্মাষ্টমী উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
সভায় জানানো হয়, জন্মাষ্টমীর শোভাযাত্রা নির্ধারিত রুট ও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এ ছাড়া নিরাপত্তার স্বার্থে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, লাইনিং ফোর্স ও ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে।
জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ব্যাগ বা পোটলা না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ এবং তাঁদের নির্ধারিত ভেস্ট পরিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।
সভায় নামাজ ও আজানের সময় লাউড স্পিকার বা মাইক ব্যবহার থেকে বিরত থাকার জন্যও আয়োজকদের অনুরোধ করা হয়। পাশাপাশি বৈদ্যুতিক লাইনের বিষয়ে সতর্ক থেকে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব। উৎসবটি সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদ্যাপনের লক্ষ্যে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা থাকবে।
তিনি বলেন, ডিএমপির প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার সংশ্লিষ্ট জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সঙ্গে পৃথক সমন্বয় সভা করবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।
শফিকুল ইসলাম আরও বলেন, ‘শুভ জন্মাষ্টমীর প্রতিটি মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সবার সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আমরা আশা করি।’
সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও জন্মাষ্টমী উদ্যাপন কমিটির নেতারা মতামত দেন।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি, রামকৃষ্ণ মঠ ও মিশন, ইসকন বাংলাদেশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































