উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল

রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল থেকে পোস্টার ও ব্যানারসহ একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল পৌনে আটটার দিকে গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরা জসিম উদ্দিন এলাকায় মিছিলটি শুরু হয়। পরে র্যাব-১ কার্যালয়সংলগ্ন এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিলে সংগঠনটির নেতা-কর্মীরা অংশ নেন।
মিছিল চলাকালে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে নেতা-কর্মীরা সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে। পরে মিছিলে অংশ নেওয়া একজনকে আটক করা হয়।
বিক্ষোভ মিছিলের বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা জড়ো হচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে। পরে পোস্টার ও ব্যানারসহ একজনকে আটক করা হয়েছে।
মিছিলকে কেন্দ্র করে মারামারির কোনো ঘটনা ঘটেছে কি না, জানতে চাইলে ওসি মোরশেদ আলম বলেন, পুলিশ যখন ধাওয়া দেয়, তখন আশপাশের লোকজনও ধাওয়া দিয়েছিল। মিছিলকারীদের ধাওয়া দেওয়ার সময় আশপাশের লোকজনও তাদের ধাওয়া করে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































